পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ
সংসদীয় আসন -২৫৩, কুমিল্লা–৫

আওয়ামী লীগের ভোট ব্যাংক দখলে জামায়াত-বিএনপি মরিয়া

ব্রাহ্মণপাড়া-বুড়িচং এ দুই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা–৫ সংসদীয় আসন

author
মোঃ মনিরুল ইসলাম:

প্রকাশিত : Feb 8, 2026 ইং
ad728

ব্রাহ্মণপাড়া-বুড়িচং এ দুই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা–৫ সংসদীয় আসন। একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটি স্বাধীনতার পর দীর্ঘদিন আওয়ামী লীগ সমর্থিত এলাকা হিসেবে পরিচিত থাকলেও ১৯৭৫ সালের পর দীর্ঘ সময় বিএনপি ও জাতীয় পার্টির প্রভাব লক্ষ্য করা যায়।নব্বইয়ের দশকে আওয়ামী লীগ এবং ২০০১ সালে বিএনপির প্রার্থী অধ্যাপক মো. ইউনুস এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে অষ্টম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত টানা চারটি নির্বাচন ভোটারবিহীন হওয়ায় আওয়ামী লীগের প্রার্থীরাই বিজয়ী হন।


২০২৪ সালের জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ আসনে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—বিএনপি থেকে হাজী মো. জসিম উদ্দিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট ডা. মুহাম্মদ মোবারক হোসেন (দাঁড়িপাল্লা) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া (ঈগল), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফী (কাস্তে), 


বাংলাদেশ মুসলিম লীগের আবুল কালাম ইদ্রিস (হারিকেন), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তানজিল আহমেদ (আপেল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আবুল বাসার (আম), জাতীয় পার্টির মো. এমরানুল হক (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম (হাতপাখা), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শিরিন আক্তার (তারা)। রাজনৈতিকভাবে এ আসনটি বিএনপি ও আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।


ভোটের বিচারে জামায়াতে ইসলামী দীর্ঘদিন তৃতীয় অবস্থানে থাকলেও বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় অনেকেই আসনটিকে বিএনপির ঘর বলে মনে করছেন। তবে ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই জামায়াতে ইসলামী তাদের শক্ত প্রতিদ্বন্ধি হিসাবে অবস্থান জানান দিচ্ছে।ময়নামতি, নিমসার, ভারেল্লা, বুড়িচং সদর ও বাকশীমূলসহ দুই উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মুহাম্মদ মোবারক হোসেন নাম এখন সমাধারণ ভোটারদের মুখে মুখে  শোনা যাচ্ছে।


স্থানীয়রা জানান, বিগত চারটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারলেও এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন—এই আশায় তারা পরিবর্তনের পক্ষে অবস্থান নিচ্ছেন।এদিকে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে হাবিব জালাল নয়ন ও আনোয়ার ও আইনজীবী শাহজাহান, বুড়িচং সদরে মনির হোসেন ভূইয়া, কামাল হোসেন, আক্তার হোসেন জানান, ভোটের দিন যতই আসছে বিএনপির প্রার্থীর সমাবেশে ভোটারের ও কর্মী সমর্থক উপস্থিতি বাড়ছে।


বিএনপির প্রার্থী বিগত ৩০ বছর ধরে নেতাকর্মীদের পাশে ছিলেন। এছাড়া বিএনপির প্রার্থী হাজী মো. জসিম উদ্দিন করোনা ও বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়া মাঠে নেমেছেন বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের মা হারা মেয়ে তোয়া ও তাহা। তারা মাঠে ও সভা-সমাবেশে কেঁদে কেটে বাবার জন্য ভোট প্রার্থনা করে ভোটারদের মন জয় করতে চেষ্টা করছেন।


সরেজমিনে দেখা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)—এই তিন দলের প্রার্থীরাই বর্তমানে প্রচারণায় এগিয়ে রয়েছেন। প্রতিদিন সভা-সমাবেশ, কর্মীসভা, পথসভা, মাইকিং ও গণসংযোগে সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অন্য প্রার্থীদের প্রচারণা তুলনামূলকভাবে তেমন চোখে পড়ছে না।একাধিক কলেজ শিক্ষার্থী ও নতুন ভোটাররা জানান, তারা এবারের নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দিতে আগ্রহী।


স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, পতিত আওয়ামী লীগের অনেক স্থানীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধি নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এবি পার্টির প্রার্থীদের কাছে টানতে নানা চেষ্টা চালাচ্ছেন।ভারত সীমান্তবর্তী এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১৪২ জন। এর মধ্যে—পুরুষ ভোটার: ২ লাখ ৩৫ হাজার ৮৫৫, নারী ভোটার: ২ লাখ ২৭ হাজার ৯৮৭। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ২১ হাজার ৩৩০ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৩০০ জন এবং নারী ১০ হাজার ৩০ জন।


নিউজটি আপডেট করেছেন : মোঃ মনিরুল ইসলাম:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS