পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

নাটোর বড়াইগ্রামে ইউপি চেয়ারম্যান থেকে বিএনপি এমপি নির্বাচিত

author
আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

প্রকাশিত : Feb 14, 2026 ইং
ad728

মাত্র ২৫ বছর বয়সে প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি নেতা আব্দুল আজিজ। এরপর আরও তিনবার ইউপি চেয়ারম্যান এবং একবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে এবার বিজয়ের মালা পরে সংসদে যাচ্ছেন তিনি।নির্যাতন-নিপীড়ন, নৃশংস হামলা ও রাজনৈতিক হয়রানি উপেক্ষা করে সর্বশেষ সংসদ-সদস্য হিসাবে নির্বাচিত হয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ে পৌঁছেছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।


তৃণমূল নেতৃত্ব থেকে জাতীয় সংসদ পর্যন্ত তার এ উত্তরণকে আস্থার ধারাবাহিকতার প্রতিফলন হিসাবে দেখছেন স্থানীয়রা।রাজনৈতিক জীবনে ১৯৮৬ সালে মাত্র ২৫ বছর বয়সে তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। প্রথমবার নির্বাচিত হওয়ার পর টানা চারবার চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে প্রায় দুই দশক দায়িত্ব পালন করেন। 


এ সময় অবকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরবর্তীতে ২০১৪ সালে বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল আজিজ। ইউনিয়নের গণ্ডি পেরিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। পাশাপাশি বড়াইগ্রাম উপজেলায়ও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা লাভ করেন।


২০১৮ সালের উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও তার পদত্যাগপত্র গৃহীত না হওয়ার অজুহাতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে আবার নির্বাচনি মাঠে নামেন তিনি। তফশিল ঘোষণার আগ থেকেই গণসংযোগ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছান।


সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে ৩৫ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন আব্দুল আজিজ। তিনি দুই উপজেলায় মোট ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম পান এক লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট।


বিজয়ী হওয়ার পর আব্দুল আজিজ বলেন, এ বিজয় গুরুদাসপুর-বড়াইগ্রামবাসীর। এ বিজয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এ বড় গুরুদায়িত্ব, এ আসনের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা নির্বাচনে যেভাবে আমার পাশে ছিলেন, আগামী দিনেও সেভাবে পাশে থাকলে আমি আমার ওপর দায়িত্ব পালন করতে পারব ইনশাআল্লাহ।


নিউজটি আপডেট করেছেন : আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS